শাহরুখ খান, কমল হাসানের পর এবার কানাডার টরেন্টোর পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় টরেন্টো বিমানবন্দরে তাকে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা টানা জেরা করা হয়। ২০১৫ সাল পর্যন্ত ভিসা থাকা সত্ত্বেও বলা হয়, তার ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। ব্যাগ খুলিয়ে ঘাটাঘাঁটি করা হয় জিনিসপত্র, কেড়ে নেয়া হয় মোবাইল ফোন। এমনকি অপমাণিত হয়ে ঋতুপর্ণা কেঁদে ফেললে তাকে মানসিক রোগীর তকমা দিয়ে হাসপাতালে পাঠানোর হুমকিও দেয়া হয়। শেষ পর্যন্ত তাকে কানাডায় ঢোকার অনুমতি দেয়া হলেও গোটা ঘটনায় অসন্তুষ্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডা সরকারের কাছে কূটনৈতিক প্রতিবাদপত্র (ডিমার্শ) পাঠিয়েছে। উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে যোগ দিতে টরেন্টো গিয়েছেন ঋতুপর্ণা। খবর আনন্দবাজার।
এই ঘটনার পর ফোনে ঋতুপর্ণা বলেন, “মুম্বাই থেকে লুফত্হানসার বিমানে আমরা টরন্টোয় নামি। তার পরেই যেন বাঘের মুখে। অভিবাসন দফতরের কর্মীরা আমার ভিসা পরীক্ষা করে জানালেন, সেটির মেয়াদ শেষ, তাই আমাকে কানাডায় ঢোকার অনুমতি দেয়া যাচ্ছে না। আমি বলি, আমার ভিসা শেষ হবে ২-১৫য়।” ঋতুপর্ণা জানান, অভিবাসন কর্মীদের তিনি ফেরার টিকিটও দেখিয়েছিলেন। কিন্তু তারা আমার কোন কথা না শুনে নানাভাবে আমাকে হেনস্থা করে।
