নাইজেরিয়ায় একটি বিদ্যালয়ে সন্দেহভাজন ইসলামপন্থীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন, যাদের ২৯ জন ছাত্র ও একজন শিক্ষক। গতকাল শনিবার নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবো রাজ্যের মামুদো শহরের একটি আবাসিক স্কুলে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। খবর বিবিসির।
কর্মকর্তারা জানান, হামলাকারীরা প্রথমে বিদ্যালয়ের কয়েকটি ভবনে আগুন লাগায়। এরপর সেখান থেকে পালাতে থাকা ছাত্র-শিক্ষকদের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করে। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এক হূদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। গত মে মাসে এই শহরে জরুরি অবস্থা জারি করে সরকার। বেঁচে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, কিছু জঙ্গি জ্বালানি ভর্তি একটি পাত্র নিয়ে আসে। এসেই তারা সেগুলো দিয়ে আগুন ধরিয়ে দেয়। এই হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। তবে বোকো হারাম নামের একটি ইসলামী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। তারা বর্তমান সরকারকে সরিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে। এই গোষ্ঠীর হাতে গত বছর প্রায় ছয়শত নাগরিক নিহত হয়।
