আশুলিয়ায় কলেজে যাওয়ার পথে বাসে এক ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:৫৯
আশুলিয়ায় কলেজে যাওয়ার পথে বাসের ভেতরে সোহেল রানা (১৮) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে আশুলিয়ার সীমান্তবর্তী চক্রবর্তীর জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানার বাবার নাম আনসার আলী। সোহেল সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের বাড়ি জিরানীর টেঙ্গুরী এলাকায়। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হতে পারে। এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভসহ যানবাহন ভাংচুর করছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোহেল রানার সহপাঠী প্রত্যক্ষদর্শী মুরাদ জানায়, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৭টার দিকে হানিফ এন্টারপ্রাইজের বাসে করে কলেজে যাওয়ার পথে চক্রবর্তী জিরানী বাজার এলাকা পৌঁছামাত্র বাসের পিছনের সিটে বসে থাকা এক যুবক সোহেল রানাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। সোহেল রানার হত্যার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে উঠে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে তারা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সোহেলের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি আরো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনাস্থল গাজীপুর সদর হওয়ায় গাজীপুর সদর থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হবে।