আড়াইহাজার ও গোপালদিতে পৌর নির্বাচন

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় তালা প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও গোপালদি পৌরসভায় আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে হালিম শিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাত সাড়ে ৯টায় দুটি পৌরসভার ৯টি করে ১৮টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। আড়াইহাজারে ১২জন মেয়র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। আড়াইহাজার পৌরসভায় ভোটার ছিল ১৭ হাজার ১শ ৩৭। এ পৌরসভায় প্রায় ৮৫ শতাংশ ভোট কাস্ট হয়। এর মধ্যে তালা প্রতীকে আওয়ামী লীগ নেতা সাবেক তিনবারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান পেয়েছেন ৫ হাজার ১শ ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা সুন্দর আলী পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী পারভীন আক্তার দোয়াত কলাম প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪৯৯। অন্যদিকে গোপালদি পৌরসভায় ৩জন মেয়র প্রার্থী ছিলেন। গোপালদী পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৪ হাজার ৫শ ২৩। এ পৌরসভাতেও শতকরা ৮০ভাগ ভোট গৃহীত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হালিম শিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবুল বাশার কাসু কাপ পিরিচ প্রতীকে পেয়েছে ৬ হাজার ১০৭ ভোট। এ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালা প্রতীক নিয়ে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ১৭০ভোট।