খালেদার নিবন্ধ লেখার অস্বীকৃতিতে কঠোর সমালোচনা প্রধানমন্ত্রীর

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৬
ওয়াশিংটন টাইমসে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার নিবন্ধ লেখার অস্বীকারের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপার্সনই যে নিবন্ধটি লিখেছিলেন ইতিমধ্যে ওয়াশিংটন টাইমস তা নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার ব্যবস্থা (জিএসপি) বাতিল ও বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়ে ওয়াশিংটন টাইমসে নিবন্ধ লিখে বিএনপি চেয়ারপার্সন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করেছেন।’ -খবর বাসসের। তিনি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডন হিলটন হোটেলে যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, সর্বস্তরের জনগণের ব্যাপক সমালোচনার মুখে বিএনপি নেতৃবৃন্দ এখন ওয়াশিংটন টাইমসে নিবন্ধ লেখার কথা অস্বীকার করছেন। তিনি বলেন, ‘বিএনপি’র মধ্যে যদি দেশপ্রেম থাকতো তাহলে তারা এ ধরনের জঘন্য কাজ করতে পারতো না।’ প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতৃবৃন্দ এখন দাবী করছেন, বেগম খালেদা জিয়ার স্বাক্ষর জাল করে তার নামে নিবন্ধটি প্রকাশ করা হয়েছে। তিনি আরো বলেন, ‘তবে আমার প্রশ্ন হল, ওয়াশিংটন টাইমস কিভাবে তার (বেগম খালেদা জিয়ার) নামে নিবন্ধ প্রকাশ করার ঔদ্ধত্য দেখালো?’ শেখ হাসিনা বলেন, বিএনপি’র অনেক সিনিয়র নেতৃবৃন্দ নিবন্ধটি প্রকাশের পর এর পক্ষে বিভিন্ন মন্তব্য করলেও তারা এখন পাল্টা যুক্তি দেখাচ্ছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘যদি তার স্বাক্ষর সত্যিই জাল করা হয়, তাহলে কেন বিএনপি ওয়াশিংটন টাইমস কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করছে না?’ পরে প্রধানমন্ত্রী রানা প্লাজা ধসে হতাহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের দেয়া অনুদান গ্রহণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তার সরকার রানা প্লাজা ধসে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমনি, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ সভাপতি অনীল দাস গুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সভাপতি শামসুদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।