সাধারণ শিক্ষার্থী মঞ্চের ব্যানারে গতকাল শনিবার পরিবহন সংকট নিরসনসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে সমাজ বিজ্ঞান অনুষদ ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহর সাথে দাবিগুলো নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। এসময় ছাত্ররা শাটল ট্রেনের বগি বৃদ্ধি ও সংরক্ষণ, ক্যাম্পাস-শহর এবং আন্তঃ ক্যাম্পাস বাস সার্ভিস চালু, চবি মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন ও অ্যাম্বুলেন্সের সংস্কার এবং এক নম্বর গেইট থেকে গোল চত্বর পর্যন্ত সড়কে প্রয়োজন অনুসারে সড়ক প্রতিবন্ধক স্থাপনের দাবি জানান। এসময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও ছাত্রদের সংহতি জানিয়ে মিছিলে অংশ নেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ ইত্তেফাককে বলেন, আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছি। প্রয়োজনের ভিত্তিতে দাবিসমূহ মেনে নেয়া হবে।
