যুক্তরাষ্ট্রের শীর্ষ গোপন গোয়েন্দা কার্যক্রমন ফাঁস করে দেয়া সাবেক গোয়েন্দা ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি অগ্রাহ্য করে প্রস্তাবটি দিলেন তিনি। শুক্রবার ভেনেজুয়েলার স্বাধীনতা দিবসের প্যারেডের সময় মাদুরো ঘোষণাটি দেন। সেনা প্যারেডের ভাষণে তিনি বলেন,“আমেরিকার নামের প্রতি সম্মান রেখে মানবিক কারণে আমি এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, পুরো বিশ্বের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির ব্যাপারে সত্য প্রকাশ করা বিদ্রোহী চেতনাসম্পন্ন এক তরুণ সে।”
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ৩০ বছর বয়সী সাবেক ঠিকাদার স্নোডেন মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে আছেন। গত ২৩ জুন হংকং থেকে ভ্রমণ ভিসায় মস্কো আসার পর থেকে রুশ কর্তৃপক্ষ তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে।
