দিনভর ওঠানামার মধ্যদিয়ে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ আগেরদিনের তুলনায় কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের স্বাভাবিক নিয়মেই গতকাল সূচক বেড়েছে। আর লেনদেন সাড়ে আটশ’ কোটি টাকার উপর হওয়া ইতিবাচক। সূচকের ওঠানামার মধ্যে লেনদেনের এ গতি অব্যাহত থাকলে ধীরে ধীরে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত চার কার্যদিবস ধরে বাজারের গড় লেনদেন ৮৩৪ কোটি টাকা। লেনদেন ভালো হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ছে। এদিকে গত ১১ কার্যদিবসে জ্বালানি খাতে লেনদেন হয়েছে গড়ে ১৬৮ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের ২৩ শতাংশ। এ ধারাবাহিকতা গতকালও বজায় ছিল। গতকাল বাজারের মোট লেনদেনের প্রায় ২০ শতাংশই হয়েছে এ খাতে। যার পরিমাণ ১৭৩ কোটি টাকা। বাজারে দর বৃদ্ধির ক্ষেত্রে এগিয়েছিল পোশাক খাত, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ইঞ্জিনিয়ারিং খাত। আর দর কমার ক্ষেত্রে এগিয়েছিল জীবন বীমা খাত এবং পর্যটন খাত।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৮ পয়েন্টে। যা ১৬৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি ৯৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।
