মধুমতি ব্যাংকের যাত্রা শুরু

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২০:০৫
নতুন লাইসেন্স পাওয়া ব্যাংকগুলোর মধ্যে মধুমতি ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, সাবেক গভর্নর ড. ফরাসউদ্দীন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন, মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ন কবির, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিজানুর রহমান, স্পন্সর ডাইরেক্টর ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসসহ আরও অনেকে। উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংকের প্রয়োজন ছিল। কারণ গ্রামীণ জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা গেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ সহজ হবে। ড. আতিউর রহমান বলেন, নতুন ব্যাংকগুলো প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে তাদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার নজির রাখবে বলে আমার প্রত্যাশা। এসব বিষয়ে কোনো গাফিলতি হলে এবং অনিয়ম বা প্রতারণামূলক ঘটনা পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক পিছপা হবে না। এসময় তিনি নতুন ব্যাংকগুলোকে মাঝারি ও বৃহত্ প্রতিষ্ঠানে অর্থায়নের পাশাপাশি কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহায়তা দেয়ার আহ্বান জানান তিনি।