সাভারে পুলিশী হেফাজতে আলোচিত ব্যবসায়ী শামীম হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন থেকে ব্যবসায়ী শামীমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় পুলিশ প্রকৃত দোষীদের আড়াল করতে চার্জশিট প্রদানে ধীরগতির মাধ্যমে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। মানববন্ধন শেষে হত্যার ঘটনায় অভিযুক্ত সাভার মডেল থানার এএসআই আকিদুল ও আশুলিয়া থানার এসআই এমদাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
উল্লেখ্য, গত ৬ জুন সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ব্যবসায়ী শামীমকে আটক করে ২ লাখ টাকা দাবি করে পুলিশ। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ব্যাপক নির্যাতন চালানো হয় শামীমের উপর। নির্যাতনের এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ব্যবসায়ী শামীম। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিবাদে ভাংচুর করে অর্ধশত যানবাহন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
