রাজধানীর ফার্মগেটে গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা তেজগাঁও কলেজের বিবিএ-কম্পিউটার সাইন্স ভবন ভাংচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড রাবার বুলেট ও ৬/৭ রাউন্ড টিয়ার সেল ছুঁড়েছে। প্রায় অর্ধশত গাড়ি ভাংচুরের ফলে এই এলাকায় প্রায় আধ ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে অফিস থেকে ঘরমুখী মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিরপুর রুটের চৈতালী-১ বিআরটিসি দোতলা বাস তেজগাঁও কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় হানিফ মেট্রো সার্ভিসের বাস কাউন্টারের সামনে ঐ কলেজের দুই শিক্ষার্থী বাসে ওঠার চেষ্টা করে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐ দুই শিক্ষার্থীর পরিচয়পত্র দেখতে চায়। এ নিয়ে দুই শিক্ষার্থীর সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ব্যাপক মারধর করে ঘটনাস্থল থেকে চলে যায়। এ খবর তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কাছে পৌঁছলে তারা জড়ো হয়ে কলেজের সামনে ইন্দিরা রোডে অবস্থান নেয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিরপুর রুটের বৈশাখী বাসটি সেখানে পৌঁছলে তেজগাঁও কলেজের ছাত্ররা ঐ বাসে হামলা চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর শরীরে গাড়ির ভাঙ্গা কাঁচ লেগে ক্ষতের সৃষ্টি হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের আরো দুইটি বাস ফার্মগেট ওভারব্রীজের নিচে পৌঁছে। পরে ইন্দিরা রোডে প্রবেশের মুখে বাস দুইটি আড়াআড়ি রেখে ব্যারিকেড দেয় শিক্ষার্থীরা। তারা তেজগাঁও কলেজের সামনে গিয়ে বিবিএ-কম্পিউটার সাইন্স ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা তেজগাঁও কলেজের প্রধান ফটক ভেঙ্গে ভিতরে ঢুকে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা কলেজের সামনে ইন্দিরা রোডের ফুটপাতে কয়েকটি দোকান ভাংচুর করে। এক পর্যায়ে তারা হানিফ মেট্রো সার্ভিসের কাউন্টারে হামলা চালায়। এসময় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বিভিন্ন রুটের বাস ভাংচুর করে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তেজগাঁও কলেজের কয়েকজন শিক্ষক বিষয়টি নিয়ে সমঝোতা করার চেষ্টা করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারমুখী আচরণের কারণে তা ব্যর্থ হয় বলে ঐ কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল মমিনের কাছে একটি অভিযোগ দিয়েছে। অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, ঘটনার পর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরিয়ে দেয়। বেলা সাড়ে ৫টার দিকে এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়।
