কেন্দ্রীয় চাকরি নিয়োগ কেন্দ্র স্থাপনের সুপারিশ

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:১৬
দেশের দক্ষ জনবলের জন্য উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পেতে দ্রুত কেন্দ্রীয় চাকরি নিয়োগ কেন্দ্র স্থাপনের সুপারিশ করেছেন শিল্পোদ্যোক্তা ও নিয়োগকারীরা। তারা এ নিয়োগ কেন্দ্রের সাথে চাকুরিদাতা প্রতিষ্ঠানের লিংকেজ শক্তিশালী করারও তাগিদ দেন। এর ফলে দেশের প্রশিক্ষিত জনবল সহজেই যোগ্যতামাফিক কর্মসংস্থান খুঁজে পাবে বলে তারা মন্তব্য করেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চাকরি মেলা-২০১৩ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ঃ বিদ্যমান পরিস্থিতি ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এ সুপারিশ করা হয়। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এর তত্ত্বাবধানে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান এবং এর সহযোগী সংস্থাগুলো যৌথভাবে এ মেলার আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা জীবন কুমার চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম, বায়রা’র প্রেসিডেন্ট শাহ্জালাল মজুমদার, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ শাহজাহান মিঞা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, বিশ্বব্যাংকের কর্মকর্তা মোখলেছুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবুল কাশেম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বক্তব্য রাখেন। সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৩৫ ভাগ যুব জনগোষ্ঠী। শিল্প উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী এ যুব জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে মানব সম্পদে উন্নীত করতে হবে। বক্তারা বলেন, দেশে প্রচুর বেকার জনবল থাকার পরও শিল্পখাতে এখনো দক্ষ জনবলের অভাব রয়েছে।