জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতি প্রশাসনিক ভবন গতকাল রবিবার সতেরতম দিনের মতো অবরোধ করে। প্রশাসনিক ভবন দীর্ঘ সময় অবরোধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থীসহ প্রশাসনিক কাজে আসা সংশ্লিষ্টরা। এদিকে আন্দোলনের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে আজ শিক্ষক সমিতি সাধারণ সভা আহবান করেছে। গতকাল সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন শিক্ষকরা। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, সভায় আন্দোলনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছনার বিচার, মিডিয়াতে বিশ্ববিদ্যালয় সম্পর্কে অশালীন ও আপত্তিকর বক্তব্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এনে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক সমিতি ।
