সাপাহারে তক্ষকসহ তিন জন গ্রেফতার

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:৩৪
নওগাঁর সাপাহারে কহেন্দা গ্রাম থেকে গত শনিবার রাতে সরকারের সংরক্ষিত বিরল প্রজাতির প্রাণি ১৪ তক্ষক উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কহেন্দা গ্রামের ইসমত আলী লিপন, রাঙ্গামাটি জেলার কোতোয়ালি উপজেলার বনরুপা গ্রামের অমর যতি চাকমা (২৮) ও সুভাষ বসু চাকমা (২৭)। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর ইসলাম জানান, গত শনিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে কহেন্দা গ্রামের ইসমত আলী লিপনের বাড়িতে সরকারের সংরক্ষিত ১৪টি তক্ষক বিক্রির উদ্দেশ্যে একত্র হন। রাত ১২টায় অভিযান চালিয়ে ১৪টি তক্ষক প্রাণিসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। ১৪টি তক্ষকের দাম ২৮ লাখ টাকা বলে জানান ওসি। রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করা হয়। তাদেরকে নওগাঁ জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।