গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই ছয়ঘড়িয়া গ্রামের মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জামিলা আকতার রিক্তা ধর্ষণ ও খুনের সাথে সংশ্লিষ্ট দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে গ্রামবাসী ‘গণসংগ্রাম পরিষদ কমিটি’র ব্যানারে এক সংবাদ সম্মেলনে তাদের এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে গণসংগ্রাম কমিটির আহবায়ক শেখ সামাদ আজাদ লিখিত বক্তব্যে জানান, গত ১৫ জুন দরিদ্র কাঠমিস্ত্রি জহুরুল ইসলামের মেয়ে কোরবানিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী জামিলা আকতার রিক্তা গ্রামের মক্তবে কোরান শরীফ শিক্ষার জন্য বাড়ি থেকে রওনা হয়। পথে চিহ্নিত দুষ্কৃতকারীরা তাকে অপহরণ করে। ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা রাতের কোন এক সময় ক্ষত-বিক্ষত লাশ তার বাড়ির নিকটবর্তী সাজিনার বিলে রেখে যায়। রিক্তার বাবা গত ১৬ জুন গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা করেন। কিন্তু ঘটনার প্রায় ২০ দিন অতিবাহিত হলেও পুলিশ খুনিদের গ্রেফতার করেনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোলাহাটি ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম, গণসংগ্রাম কমিটির যুগ্মআহবায়ক আসোয়াদ আলী, রিক্তার বাবা জহুরুল ইসলাম, গ্রামবাসী দেলোয়ার খান দুলু, ঝরনা বেগম, আনিছুর রহমান আনিছ, মুক্তিযোদ্ধা নয়া মিয়া, মৌসুমী আকতার তমা প্রমুখ।
