শনিবার রাতে শ্রীপুর বাজারের জ্বালানি তেল ব্যবসায়ী আব্দুল্লাহর (৩২) মৃতদেহ শ্রীপুর-কাপাসিয়া সড়কের মহাখালী এলাকার গজারী বনে উদ্ধার হয়েছে। রাত ৯টার দিকে ওই সড়কে ডাক-চিত্কার শুনে ডাকাত আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ এলাকাবাসীকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে হেডলাইট জ্বালানো চালু অবস্থায় মোটর সাইকেল পড়ে থাকতে দেখেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মৃত দেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে পুলিশ তার দোকানের ক্যাশ খাতা, মাথার টুপি, দিয়াশলাই উদ্ধার করে। এসময় শ্রীপুর থানা পুলিশ জানায়, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। ধারানা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে ব্যবসায়ী হত্যার খবর পেয়ে শ্রীপুর বাজার ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হত্যার প্রতিবাদে শ্রীপুর বাজারের ব্যবসায়ীরা কালোব্যাজ ধারণ করার সিদ্ধান্ত নিয়েছেন। নিহতের ভাই আমানউল্লাহ ও তার স্ত্রী জানায়, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত কিছু লোকের সাথে শত্রুতা ছিল এবং ওইদিন সন্ধ্যায় সে কাপাসিয়া এলাকায় ব্যবসায়িক কাজে গিয়েছিল। কাপাসিয়া থেকে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে। শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান, পারিপার্শ্বিক অবস্থায় এটি ডাকাতির ঘটনা নয়। ধারণা করা হচ্ছে, তাকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মোটর সাইকেলের গতিরোধ করে হত্যা করা হয়েছে।
