ভুয়া নিকাহনামায় বিয়ে রেজিস্ট্রি, দুই কাজী জেলে

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:৩৮
নাগেশ্বরীতে ভুয়া নিকাহনামা দেখিয়ে বিয়ে রেজিস্ট্রি করায় দুই কাজীকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: কাজী মোশারফ হোসেন ও তার সহকারী শহিদুল ইসলাম। পুলিশ জানায়, গত ২০১০ সালে উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে লাইজু আক্তারের সাথে দক্ষিণ রামখানার রওশন আলীর ছেলে মিজানুরের বিয়ে হয়। বিয়ে রেজিস্ট্রি করান রামখানা ইউনিয়নের কাজী মোশারফ হোসেন। বিয়ের পর থেকে লাইজুকে তার স্বামী নানাভাবে শারীরিক নির্যাতন করে আসছিল। সম্প্রতি শারীরিক নির্যাতন করলে ভয় দেখাতে লাইজু তার স্বামীর বিরুদ্ধে মামলা করার হুমকি দিলে তাকে জানানো হয় তাদের বিয়ের ‘নিকাহনামাই’ নেই। বিষয়টি লাইজু তার পিতাকে জানালে তিনি কাজী মোশারফ হোসেনের অফিসে একাধিকবার খুঁজেও তার মেয়ের নিকাহনামা না পেয়ে গত শুক্রবার নাগেশ্বরী থানায় মামলা করেন। ওইদিন রাতে স্থানীয় জনতা কাজী মোশারফ হোসেন ও তার সহকারী শহিদুল ইসলামকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন শনিবার তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।