কুষ্টিয়ার পল্লীতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম আব্দুল হালিম (৪০)। তিনি একজন কৃষক। গত শনিবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝাউদিয়া গ্রামের জহুরুল ও কাশেম গ্রুপের লোকজন বিকাল তিনটায় দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ আলম মালিথা গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আব্দুল হালিম ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ময়না ডাক্তার (৫০), মোকাম আলী (৪৬), নবিছউদ্দিন মালিথা (৪৫), রবিউল ইসলাম (৪০) ও ইজালউদ্দিনকে (৩৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি গাজী রুহুল জানান, এলাকার পরিবেশ বর্তমানে শান্ত। উভয়পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
