চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শনিবার বিকালে ঢাকাগামী হানিফ পরিবহন নামক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেলে ২৭ জন যাত্রী আহত হন। আহতদের বেশিরভাগই কোহিনূর কেমিক্যাল কোম্পানী লি.-এর কর্মকর্তা। আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কেরানীহাটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, কোহিনূর কেমিক্যাল কোম্পানী ৩দিনব্যাপী বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন শেষ করে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদীঘি নামক স্থানে ঢাকা মেট্রো-ব-১১-৫২৭৮ নম্বরের হানিফ পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে সিএনজি অটোরিক্সার ৬ জনসহ মোট ২৭ জন যাত্রী আহত হন। গুরুতর আহতরা হলেন:মো. আলী(২৮), রাশেদুল ইসলাম(৩০), মো. নাহিদ(২৯), মো. কামরুজ্জামান(৩৫), আবদুল হাকিম(৩৩), মো. ফজলুর রহমান(২৯) ও সিএনজি অটোরিক্সার চালক মো. বেলাল(৩৬)। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নুরুন্নবী সরকার বলেন, হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
