ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৮৭০ সাল থেকে প্রতিষ্ঠানটি গ্রামীণ জনগণকে সেবা প্রদান করে আসছে। দিন দিন এ প্রতিষ্ঠানটির সেবার আওতা বেড়েই চলেছে। নানা রকম সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তার সেবা কার্যক্রম পরিচালনা করে গ্রামীণ জনগণের আস্থার প্রশাসনিক ইউনিট হিসেবে আজ সর্বজন স্বীকৃত।
বর্তমানে ইউনিয়ন পরিষদে এলজিএসপি-২, ইজিপিপি, টিআর, কাবিখা, এডিপি, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এছাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ বিভিন্ন রকমের সনদ প্রদান, গ্রাম আদালতের কার্যক্রমও ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছে। ইউনিয়ন পরিষদে উন্নয়ন সমন্বয় কমিটির সভা, আইনশৃংখলা কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, এলজিএসপি-২, ইজিপিপি, টিআর, কাবিখা এডিপি, ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা কমিটি, মাতৃত্বকালীন ভাতা ভোগী নির্বাচন কমিটি, তথ্য ও সেবা কেন্দ্র পরিচালনা কমিটির সভা, নারী নির্যাতন নিরোধ কমিটির সভা, হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভা ও ১৩টি স্ট্যান্ডিং কমিটির সভা ইউপিকে নিয়মিত করতে হয়। বর্তমানে ৩২টির মতো কমিটির সভা ইউপিকে করতে হয়। স্ট্যান্ডিং কমিটি বাদে সকল কমিটির সদস্য সচিব হলেন ইউপি সচিব। তাই এসব কমিটির সভায় সচিবকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ সাচিবিক দায়িত্ব পালন করতে হয়। এছাড়া স্ট্যান্ডিং কমিটির যাবতীয় সাচিবিক কাজ সম্পন্ন করতে হয়। অন্যদিকে ইউপি সচিবকে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা চেয়ারম্যানের সঙ্গে যৌথভাবে তহবিল পরিচালনা, প্রকল্পের কাজ তদারক করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। এছাড়া পরিষদের সকল ফাইলসহ নথি সংরক্ষণ ইউপি সচিবকে করতে হয়। বর্তমানে কাজ এত বেশি যে, একজন সচিবের পক্ষে এত কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমকে বেগবান করতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ প্রণয়ন করে। এবং ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের একটি পদ সৃষ্টি করে। কিন্তু আইন প্রণয়নের ৪ বছর পার হলেও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লোক নিয়োগ সম্পন্ন হয়নি। তাই ইউনিয়ন পরিষদসমূহকে গতিশীল করতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদসমূহে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ প্রদান জরুরি। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
এ কে এম হাসান নুর জামান,
ইউপি সচিব, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন পরিষদ,
দিনাজপুর সদর, দিনাজপুর
