বিভিন্ন সেবা দপ্তরের পরিশোধিত বিলের ওপর প্রত্যয়নপত্র প্রদান করা হোক

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:৫২
সরকারের প্রতিটি বিভাগের বা দপ্তরের জন্য প্রয়োজনীয় নিয়ম আছে। কিন্তু দুঃখের বিষয় তার যথাযথ প্রয়োগ নেই। ফলে অনিয়ম দিন দিন বেড়েই চলেছে। এখানে কয়েকটি বিভাগের নিয়মের ব্যত্যয় উল্লেখ করছি। সেগুলো হলো- বিদ্যুত্ বিভাগ (ডেসকো), পানি/পয়ঃবিভাগ (ওয়াসা), গ্যাস (তিতাস) ও টেলিফোন বিভাগ (বিটিসিএল)। এই চারটি বিভাগের বিল নিয়মিতভাবে পরিশোধের বিধান আছে। আমরাও তা যথারীতি পরিশোধ করে আসছি। কিন্তু বিলগুলো যথানিয়মে পরিশোধ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে বছরের প্রথমে না দাবি প্রত্যয়নপত্র প্রদানের বিধান আছে। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হয় না। ফলে আমরা গ্রাহকরা অনিশ্চয়তার মধ্যে থেকে যাই। বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যয়নপত্র প্রদান করা অতীব জরুরি। অতীতে দেখা গেছে প্রত্যয়নপত্র না দেয়ার কারণে অনেকের বিল অপরিশোধিত থেকে যায়। কারো কারো নামে ভূতুড়ে বিল আসে। আবার বিল পরিশোধ হওয়া সত্ত্বেও তা অপরিশোধিত দেখানো হয়। অনেক সময় ঐসব বিভাগের লোক এসে সংযোগ বিচ্ছিন্ন করে। ফলে ভীষণ সমস্যার সৃষ্টি হয়। গত বছরের কোনো প্রত্যয়নপত্র এখনও পাওয়া যায়নি। এ অবস্থায় ঐ সব বিভাগের জন্য প্রত্যয়নপত্র অবিলম্বে প্রেরণের ব্যবস্থা করতে বিশেষভাবে অনুরোধ করছি। মো. মুফাজ্জল হোসেন, উত্তরা, ঢাকা