ব্রাজিলিয়ান মিডফিল্ডার পওলিনহোকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ১৭.১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংল্যান্ডে আসছেন ২৪ বছরে বয়সী পওলিনহো। ব্রাজিলিয়ান ঘরোয়া লিগের ক্লাব করিন্থিয়ান্সের খেলোয়াড় পওলিনহো সদ্য সমাপ্ত কনফেডারেশন কাপে ব্রাজিলিয়ান স্কোয়াডের মূল একাদশের নিয়মিত সদস্য ছিলেন। তবে উত্তর লন্ডনের ক্লাবটির অফিসিয়াল টুইটারে পওলিনহো বলেছেন, ‘স্পার্সে যোগ দিতে পেরে আমি সত্যিই দারুণ আনন্দিত ও অভিভূত। টটেনহ্যামের মত বড় ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করতে পারাটা আমার ক্যারিয়ারের জন্য একটা বিশাল ব্যাপার।’ এর আগে ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদের মত বড় ক্লাবগুলোও পওলিনহোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল।
