সড়ক ও জনপদ বিভাগের কচুয়া-কালিয়াপাড়া ১৩ কিলোমিটার সড়ক খানা-খন্দক ও ১৩টি ব্রিজ ঝুঁকিপূর্ণ। প্রতিদিনই ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে। এ জরাজীর্ণ ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কচুয়া-কালিয়াপাড়া সড়কে বাস, ট্রাক ও তেলবাহী ট্রাকসহ ভারি যানবাহন চলাচল করছে। খানা-খন্দকে পড়ে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এ সড়কের বিভিন্ন অংশে ১৯৬৫ সালে নির্মিত হয় ১৩টি ব্রিজ। এরমধ্যে ১০টি কম-বেশি জরাজীর্ণ। ৩টি ব্রিজের অবস্থা খুবই খারাপ। ভাঙ্গা ব্রিজগুলো গর্তে যানবাহন যাতে না পড়ে সেজন্য গাছের ডাল ও লতাপাতা দিয়ে চিহ্নিত করা হয়েছে। গত ১ সপ্তাহে রাতের অন্ধকারে ব্রিজের গর্তে পড়ে কয়েকটি সিএনজি ও রিকশা দুর্ঘটনায় ১০/১২ জন আহত হয়েছে।
