টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪

আজ সিলেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:১৯
আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। সংশ্লিষ্টরা জানান, কিছু দিন আগে আইসিসির একটি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনকালে উন্নয়নকাজের ধীরগতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তবে স্টেডিয়ামের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই উন্নয়ন কাজ শেষ হবে। বিশ্বকাপের খেলা আয়োজনের জন্য গত বছরের ডিসেম্বরে একনেকে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে উন্নয়ন কাজের জন্য ৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। গত এপ্রিলে উন্নয়ন কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ৭ জুন থেকে শুরু হয় কাজ। এই প্রকল্পের আওতায় স্টেডিয়ামে ২২ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট গ্র্যান্ড স্ট্যান্ড নির্মিত হচ্ছে। আর ৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে গ্যালারি, জায়ান্ট স্ক্রিন, ফ্লাড লাইট, মিডিয়া সেন্টার, স্কোর বোর্ড, সীমানা প্রাচীর, রাস্তা ও ইনডোর জিমনেসিয়াম। সবুজ চা বাগান আর টিলাভূমির প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে স্টেডিয়ামের পশ্চিম পার্শ্বে নির্মাণ করা হচ্ছে গ্রিন গ্যালারি। ৬৩ কোটি টাকা ব্যয়ে চলমান উন্নয়ন কাজ সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে। আর ২২ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট গ্র্যান্ড স্ট্যান্ডের কাজ শেষ হতে লাগবে আরো কিছুদিন সময়। ফলে ২০১৪ সালের মার্চ মাসে বিশ্বকাপ খেলা শুরুর আগেই সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ইত্তেফাককে বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সিলেট বিভাগীয় স্টেডিয়াম বিশ্বের সেরা পাঁচটি ক্রিকেট ভেন্যুর একটি হবে। স্টেডিয়ামটির সৌন্দর্যে অভিভূত আইসিসির কর্মকর্তারাও।’