রাজধানীর পল্লবী ও শাজাহানপুর থানা এলাকায় পৃথক তিনটি ঘটনায় দুই নারীসহ তিনজনের অপমৃত্যু হয়েছে। তাদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) তাজ উদ্দিন জানান, পল্লবী থানা এলাকার পলাশ নগরের ৮২/১ নম্বর বাড়িতে রিনা বেগম (৩২) নামে এক নারী ঘরের আড়ার সাথে রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গতকাল রবিবার সকালে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের বাবার নাম মোকাম মোল্লা। স্বামী রাজু আহমেদ সিএনজি অটোরিক্সা চালক। গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দেবীগ্রামে। পুলিশ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে রিনা বেগম আত্মহত্যা করেছেন। পল্লবী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, উত্তর শাজাহানপুরের বেনজির বাগান সংলগ্ন ১২০/১৭/১ নম্বর বাড়ির তৃতীয় তলায় ঝুমঝুমি ফারাহ অন্তি (১৭) নামের এক তরুণী সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার বাবার নাম আবু সাঈদ মীর। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশালের আখরাইল গ্রামে। শাজাহানপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
অপর ঘটনায় পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, পল্লবী থানা এলাকার ১০ নম্বর সেকশনের এ ব্লকের ৬ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় আনোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবার নাম মৃত মফিজ উদ্দিন। গ্রামের বাড়ি বগুড়া জেলা সদরের নিশিন্দরা গ্রামে। পল্লবী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
