তারাগঞ্জে সড়ক দুর্ঘটনার পর ৪ ঘণ্টা সড়ক অবরোধ

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:৪৭
সড়ক দুর্ঘটনার পর রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা বাসস্ট্যান্ডে গতিরোধক নির্মাণের দাবিতে এলাকাবাসী গতকাল রবিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় পুলিশ লাঠিচার্জ করে চারজনকে গ্রেফতার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল যাত্রীবাহী একটি ভ্যানকে বাস ধাক্কা দিলে ভ্যান চালকসহ তিনজন গুরুতর আহত হয়। একজনকে স্থানীয় হাসপাতালে ও বাকি দুইজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাসস্ট্যান্ডে গতিরোধক নির্মাণের দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে শত শত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। দুর্ঘটনা ও অবরোধের খবর জানতে পেয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অবরোধ তুলে নেয়ার আহবান জানান। কিন্তু জনতা মহাসড়ক অবরোধ অব্যাহত রাখে। পুলিশ অবরোধকারীদের লাঠিচার্জ করে এবং চারজনকে আটক করে। আটককৃতরা হলেন, ইমরান, রাজা মিয়া, মারুফ এবং জামান। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।