রামুর পুনঃনির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সেনাপ্রধান

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:৫৯
কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনঃনির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। পরিদর্শনের সময় তিনি নির্মাণ কাজের মানে সন্তোষ প্রকাশ করেন ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান । গতকাল রবিবার দুপুরে তিনি রামুতে পৌঁছে প্রথমে উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, পরে শ্রীকুল মৈত্রী বিহার, অপর্ণাচরণ বৌদ্ধ বিহার, লাল চিং, সাদা চিং পরিদর্শন শেষে রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের’র সঙ্গে কুশল বিনিময় করেন। সত্যপ্রিয় মহাথের ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সেনাবাহিনী কর্তৃক সুন্দরভাবে নির্মিত হওয়ায় সেনাপ্রধানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমদ, মেজর জেনারেল হাবিবুর রহমান খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের পরিচালক ব্রিগেডিয়ার সামশ্ খান, ৬৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার আশরাফুল কাদের চৌধুরী, বিজিবি’র কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম, ১৭ ইসিবি অধিনায়ক লে. কর্নেল জুলফিকার রহমান প্রমুখ।