দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে দেশব্যাপী তীব্র যানজট ও দফায় দফায় চাঁদাবাজি বন্ধ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল রবিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত ওই মতবিনিময় সভায় ডিসিসিআই ফাউন্ডেশন এবং আনোয়ার গ্রুপের চেয়ারম্যান অনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ, বিপিএম, ডিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি নেসার মাকসুদ খান, পরিচালকবৃন্দ এবং ভোজ্যতেল, ডাল ও ফল ব্যবসায়ীদের পৃথক পৃথক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি নেসার মাকসুদ খান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার জন্য জ্বালানী, বিদ্যুত্ ও গ্যাসের মূল্য বৃদ্ধি, যানজটের কারণে পরিবহন খরচ বৃদ্ধি, দফায় দফায় চাঁদাবাজি এবং মধ্যস্বত্ব্বভোগীদের অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতাই দায়ী। এছাড়া ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, খাদ্য মজুদ সম্পর্কিত তথ্যের অপর্যাপ্ততা, বিতরণ ও সংরক্ষণে অব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনার অদক্ষতা এবং অস্বচ্ছতাও এ জন্য দায়ী। এছাড়া পণ্য সরবরাহে পরিবহন খাতের চাঁদাবাজি বন্ধ করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা পালন করারও আহবান জানান নেসার মাকসুদ খান।
আনোয়ার গ্রুপ ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বর্তমানে ডলারের বিপরীতে টাকা কিছুটা শক্তিশালী হওয়ায় পণ্যের দাম না বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি ব্যবসায়ীদেরকে রমজান মাসে পণ্যের মূল্য বৃদ্ধি না করার আহবান জানান।ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের হাতে চাহিদার চেয়ে বেশি পরিমাণ পণ্য মজুদ রয়েছে। তাই এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ার সম্ভাবনা রয়েছে। ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে আরো বেশি হারে কমিউনিটি পুলিশ নিয়োগ দেয়া হচ্ছে। তবে যানজট নিরসনে ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার আরো আধুনিকায়ন করা প্রয়োজন।
