বিহারের বুদ্ধ গয়ায় সিরিজ বিস্ফোরণে পাঁচজন আহত

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২৩:০২
রবিবার কাকভোরে বিহারের বুদ্ধগয়ায় বিস্ফোরণের পর সকালে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের সামনে থেকে জঙ্গি সন্দেহে ১ ব্যক্তিকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ। এখানেই বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জীসহ অন্য মন্ত্রীরা। তাই ঘটনার পর মুম্বাইয়ের মত সমুদ্রপথে জঙ্গিহানার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানো হলো কলকাতায় দুরদর্শন, অল ইন্ডিয়া রেডিও কেন্দ্রের। রবিবার কাকভোরে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে বিহারের বুদ্ধগয়া। বিখ্যাত মহাবোধি মন্দিরে পরপর নটি বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটি ঘটে সকাল সাড়ে ৫টা নাগাদ বোধিবৃক্ষের কাছে। ধারাবাহিক বিস্ফোরণে পাঁচজনের জখম হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মূল মন্দির, বোধিবৃক্ষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে মন্দির কর্তৃপক্ষ দাবি করেছেন। এই বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলার জের বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিক তদন্তের পর অনুমান এই সন্ত্রাসবাদী হামলার পিছনে রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন। এর কিছুক্ষণ পর কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের সামনে থেকে আনার হুসেন মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। গোয়েন্দা সূত্রের দাবি পুণে বিস্ফোরণের সঙ্গে যুক্ত আনার বিস্ফোরক সরবরাহ করতো। গোয়েন্দা সূত্রে খবর, সমুদ্রপথে আন্দামান হয়ে কলকাতার দুরদর্শন, অল ইন্ডিয়া রেডিও কেন্দ্রে হামলার ছক কষছে জঙ্গি সংগঠন লস্কর এ তৈয়বা। সেই কারণে ইতিমধ্যেই ওই দুই কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। এবার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আনারকে জেরা করে জানার চেষ্টা চলছে সে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত।