ভারতের বুদ্ধগয়ায় মন্দিরে বোমা হামলায় খালেদা জিয়ার উদ্বেগ

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২৩:০২
গতকাল সকাল পাঁচটার কিছুক্ষণ পর ভারতের বিহার রাজ্যের বৌদ্ধগয়া জেলায় বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের বোধিস্বত্ব লাভের স্থানে অবস্থিত মহাবোধি মন্দিরে সন্ত্রাসী কর্তৃক সিরিজ বোমার বিস্ফোরণ ঘটানো হলে ৫ জন আহত হয়। এ সন্ত্রাসী ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গতকাল এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া বলেন, ভারতের বিহার রাজ্যের বৌদ্ধগয়া জেলায় বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের বোধিস্বত্ব লাভের স্থানে অবস্থিত মহাবোধি মন্দিরে সন্ত্রাসী কর্তৃক বোমা হামলার ঘটনায় আমি গভীরভাবে উত্কণ্ঠিত এবং জড়িত সন্ত্রাসীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি। এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতারা মানবতা এবং মানবজাতির চরম শত্রু। মহাবোধি মন্দিরে সংঘটিত বোমা হামলার ঘটনা কাপুরুষোচিত। বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টিকারী সন্ত্রাসের হোতারা যারা দেশে দেশে ধর্ম, বর্ণ, জাতি এবং সম্প্রদায়ের নামে রক্তারক্তি ও খুনোখুনি করছে তারা কখনোই মানুষ হিসাবে বিবেচিত হতে পারে না। সুতরাং এ সকল সভ্যতা ও শান্তিবিরোধী মানুষরূপী হিংস্র অমানুষদের সমূলে উত্পাটন করতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মহাবোধি মন্দিরে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাবিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনকারীদের নির্মূল করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।