পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে পাহাড়ি-বাঙালি নেতৃবৃন্দের সাথে আজ সোমবার সরকারের তিন মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি সোমবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা সফর করবেন।
কর্মসূচি অনুযায়ী তাঁরা সকাল ন’টায় হেলিকপ্টারযোগে রাঙ্গামাটি পৌঁছাবেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে বাঙালি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন সকাল সোয়া ১১টায়। এরপর তাঁরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে যাবেন এবং আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করবেন। দুপুর আড়াইটায় তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে রাঙ্গামাটি ত্যাগ করবেন। খাগড়াছড়িতেও সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাঙালি নেতৃবৃন্দ ও পাহাড়ি নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে বলে কর্মসূচিতে জানানো হয়েছে।
সম্প্রতি সরকার পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনে সংশোধনী আনার জন্য জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করে। এই বিল মন্ত্রিপরিষদ সভায় নীতিগত অনুমোদন পাওয়ার পর থেকেই পার্বত্য এলাকার বাঙালি নেতৃবৃন্দ এই সংশোধনী বাতিল বা পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন করে আসছে। তাদের বক্তব্য, সংসদে উত্থাপিত আকারে এই আইন সংশোধন করা হলে পার্বত্য এলাকার বাঙালিরা ভূমিহারা হবার আশঙ্কা রয়েছে।
