মিসরে ইসলামপন্থীদের আপত্তির মুখে নোবেল পুরস্কার বিজয়ী উদারপন্থি রাজনীতিক মোহামেদ এলবারাদির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিপন্থিরা আরো ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে। মুরসিকে পুনর্বহালের জন্য শনিবার তার সমর্থকরা প্রয়োজনে আত্মদানের অঙ্গীকার করে। গতকাল রবিবার দুই পক্ষই আবার বিক্ষোভ করে। এই অবস্থায় দেশটিতে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নিয়োগ দিতে না পারায় সরকারে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। খবর বিবিসি, সিএনএন, রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের।
সেনাবাহিনী চেয়েছিল এলবারাদিকে নিয়োগ দিয়ে উদারপন্থি এবং পশ্চিমাদের মন জয় করতে; কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এলবারাদিকে নিয়োগ দেয়ার প্রাক্কালে এর প্রতিবাদ জানায় মিসরের দ্বিতীয় বৃহত্তম ইসলামপন্থি দল আল নূর। এই দলটি মুরসিকে সরাতে সেনাবাহিনীকে সমর্থন দিলেও এলবারাদির সঙ্গে কাজ না করার ঘোষণা দেয় তারা। এছাড়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির দল মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকেও আসে তীব্র প্রতিক্রিয়া। দলটি গতকাল এক বিবৃতিতে আরো বড় ধরনের বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। এর আগে শনিবার এলবারাদিকে প্রধানমন্ত্রী নিয়োগের কথা জানিয়েছিল দেশটির গণমাধ্যম। শনিবার রাতে তার শপথ নেয়ারও কথা ছিল। তবে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মানসুরের একজন মুখপাত্র জানান, এ ব্যাপারে এখনো আলোচনা চলছে।
প্রেসিডেন্টের উপদেষ্টা আহমেদ আল-মুসলিমানি জানান, প্রধানমন্ত্রী হিসেবে যাদের নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে এলবারাদিই সবচেয়ে উপযুক্ত। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ পরমাণু কমিশনের সাবেক প্রধান এলবারাদির নাম উত্থাপন করেন দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান হিসেবে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এলবারাদি। প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে সৃষ্ট এই অচলাবস্থার ফলে দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে ন্যস্ত করা হবে তা নিয়ে ক্ষমতাশালী সেনাবাহিনীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উদার এবং রক্ষণশীলদের মধ্যে চলমান বিরোধের ফলে দেশটির অশান্ত পরিস্থিতিকে শান্ত করতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহুড। গত শুক্রবার মুরসিপন্থি ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত ও ১১শর বেশি আহত হয়।
