যানজটের নগরী ঢাকায় তুচ্ছ কারণেও অবরোধ করা হচ্ছে সড়ক। এমনিতে রাজপথে বের হলে গন্তব্যে পৌঁছতে কয়েক ঘন্টা লেগে যায়। এরপর আবার কারণে-অকারণে সড়ক অবরোধের ফলে যানজটের মাত্রা কয়েকগুণ বেড়ে যাচ্ছে। ফলে এক ঘন্টার গন্তব্যে পৌঁছতে চার থেকে সাড়ে চার ঘন্টাও লেগে যাচ্ছে। গতকাল রবিবার ছিল এমন একটি দিন। এমনিতেই কর্মদিবসের প্রথম দিন। তারপর ছাত্রদের গোলমালের কারণে ফার্মগেইটের মতো জায়গায় দুই ঘন্টা সড়ক বন্ধ ছিল। এর আগে দুপুরে মালিবাগে গার্মেন্টস শ্রমিকরা আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। ফলশ্রুতিতে গোটা রাজধানীজুড়েই ছড়িয়ে পড়ে অসহনীয় যানজট। ভ্যাপসা গরমের সঙ্গে যানজটে পড়ে নগরজীবন হয়ে উঠে ভয়াবহ অসহনীয়। ঘরে ফিরতে যানবাহনে বসে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে তেজগাঁও কলেজের ছাত্ররা। এর জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাসে করে ফার্মগেইটে এসে বেলা ৩টার দিকে সড়ক অবরোধ করে। দুই ঘন্টা বন্ধ থাকে কাওরানবাজার থেকে ফার্মগেইট হয়ে মহাখালী যাওয়ার রাস্তাটি। রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি এই সড়কটি দুই ঘন্টা বন্ধ থাকায় এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতে। এর আগে মালিবাগে বকেয়া বেতন ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে। মালিবাগের মতো যানজটপূর্ণ এলাকায় আধা ঘন্টা সড়ক বন্ধ থাকায় সড়ক খুলে দেয়ার পরও ওই এলাকায় রাত পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। এদিকে রাতে এই রিপোর্ট লেখার সময়ও কাওরানবাজার থেকে ফার্মগেইট হয়ে মহাখালি যাওয়ার সড়কটিতে ছিল যানজট। খোঁজ নিয়ে জানা গেছে, গভীর রাত পর্যন্ত গোটা রাজধানীর চিত্র ছিল এমনটাই।
