বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাজীপুরসহ ৫ সিটি নির্বাচনে ‘না’ জানানোর মধ্য দিয়ে সারাদেশের মানুষ এই সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। এতে তত্ত্বাবধায়কের দাবিই প্রতিষ্ঠিত হয়েছে।
গাজীপুরে বিএনপি সমর্থিত প্রার্থীর বিপুল বিজয়ের পর প্রতিক্রিয়া জানাতে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গাজীপুরেও নির্বাচনে ভোট কারচুপির চেষ্টা হয়েছে। আমরা মনে করি, স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন এক বিষয় নয়। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়ে থাকে। তাই ওই নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে। গাজীপুরসহ ৫টি সিটি নির্বাচনে জনগণ বিরোধী দল সমর্থিত প্রার্থীকে বিজয়ী করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির প্রতি সমর্থন দিয়েছে। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন এদেশে হবে না।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এ নির্বাচনে সরকার ভোট কারচুপির নীল-নকশা করেছিল। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে তাদের চক্রান্ত সফল হয়নি। আমরা শনিবার নির্বাচনে ভোট কারচুপির নানা অভিযোগ করেছিলাম। আজকে গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনে আমাদের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। সরকারের নীল-নকশার চেষ্টা গাজীপুরের জনগণ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে। কারচুপির চেষ্টা না করলে ভোটের ব্যবধান আরও বেশি হতো বলে আমরা মনে করি।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।
