সানফ্রান্সিসকোতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২৩:২৬
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গতকাল রবিবার দক্ষিণ কোরিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছে এবং যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছে। আহতদের মধ্যে ৪৯ জনের অবস্থা গুরুতর। খবর বিবিসি ও রয়টার্সের। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ৩০৭ জন আরোহী নিয়ে সিউল থেকে আসিয়ানা এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে রানওয়ের বাইরে অবতরণের পরপরই এর লেজ ভেঙে পড়ে। এরপর বিমানটিতে আগুন ধরে যায়। তবে বিমানের কারিগরি ত্রুটির কোনো তথ্য পাওয়া যায়নি বলে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আসিয়ানার প্রধান ইয়ুন ইয়ুং ডু জানিয়েছেন, পাইলট খুবই অভিজ্ঞ। তাই তার কোনো ত্রুটি থাকার কথা নয়। দুর্ঘটনার পরপরই গুরুতর আহতদের কাছের হাসপাতালে পাঠান উদ্ধারকর্মীরা। এদের মধ্যে ৪৯ জনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রীদের মধ্যে চীনের ১৪১ জন, ৭৭ জন দক্ষিণ কোরীয় এবং যুক্তরাষ্ট্রের ৬১ জন নাগরিক রয়েছে। বেঁচে আসা একজন যাত্রী জানিয়েছেন, বিমানটি অনেক দ্রুত নামছিল। কিন্তু হঠাত্ করে গতি কমে যায়। কিন্তু কোনো বিপদ সংকেত বাজানো হয়নি। তবে জরুরি নির্গমন পথ দিয়ে বের হয়ে যাওয়ায় প্রায় সব যাত্রী বেঁচে যায়।