ব্রাজিলে এক ফুটবল রেফারির শিরশ্ছেদ জনতার

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২৩:২৬
ব্রাজিলে এক ফুটবল রেফারির শিরশ্ছেদ করেছে জনতা। দ্বাদশ পিয়ো নামে দেশটির প্রত্যন্ত একটি শহরে সমপ্রতি এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে দেশটি আগামী বছরের ফুটবল বিশ্বকাপ শান্তিপূর্ণভাবে আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। খবর রয়টার্সের। দেশটির পুলিশের মুখপাত্র কেনা সৌজা জানান, জোসেনির দস সান্তোস (৩০) নামের এক আনাড়ি খেলোয়াড়কে রেফারি ওকটাভিয়া দ্য সিলভা (২০) মাঠ থেকে বের হয়ে যেতে বলেন। কিন্তু সান্তোস মাঠ থেকে বের হতে অস্বীকৃতি জানালে রেফারি তাকে ছুরিকাঘাত করেন। পরে মাঠের দর্শকরা এসে রেফারির মাথা কেটে ফেলে। গত ৩০ জুন এ ঘটনা ঘটে। ২ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে।