৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ সোমবার বিকাল ৫টায় প্রকাশিত হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার ফল পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd পাওয়া যাবে। এছাড়াও টেলিটক মোবাইল ফোন থেকে BCS লিখে স্পেস দিয়ে ইংরেজিতে ৩৪ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণদের ফল পাওয়া যাবে। তবে কমিশনের নোটিস বোর্ডে ফল পাওয়া যাবে না। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, প্রায় সোয়া ২ লাখ চাকরিপ্রার্থী ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।
বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত সরকারি চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করে। এবার প্রথমবার রংপুরসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি পরীক্ষা কেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় গত ২৪ মে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন চাকরি প্রার্থী অংশ নেয়।
