গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মান্নান মেয়র নির্বাচিত হওয়ায় তাকে এবং কাউন্সিলারগণকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে গতকাল এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ বলেছেন, নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিচারের নামে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
মকবুল আহমদ বলেন, সরকার ১৪ দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করেছে, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিয়েছে। শেষ মুহূর্তে জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এরশাদকে চাপ দিয়ে ১৪ দলের প্রার্থীর পক্ষে সমর্থন আদায় করেও ১৪ দলের প্রার্থীকে বিজয়ী করতে ব্যর্থ হয়েছে সরকার। এ থেকেই প্রমাণিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ১৪ দলের সমর্থিত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতো।
