জমকালো আয়োজনে গত ৭ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘ফিল্মক্লাব অ্যাওয়ার্ড ২০১২’। এই আসরে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ঢালিউড চলচ্চিত্রের উপর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হয়।
চলচ্চিত্র বিষয় মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। রাত ৮টায় শুরু হয় এই অনুষ্ঠানটি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপুসহ এ দেশের চলচ্চিত্রের জনপ্রিয় ও ব্যস্ত শিল্পীদের অংশগ্রহণে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০১২ সালের চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এ ছাড়া আজীবন সম্মননা প্রদান করা হয়েছে নায়করাজ রাজ্জাক ও নায়িকা শবনমকে। বিশেষ সম্মাননা জানানো হয়েছে আহমেদ জামান চৌধুরী ও নায়ক ফারুককে। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও যারা পুরস্কার পেয়েছেন—শ্রেষ্ঠ চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘সে আমার মন কেড়েছে’, শ্রেষ্ঠ পরিচালক এফআই মানিক ‘স্বামী ভাগ্য’, শ্রেষ্ঠ খল অভিনেতা মিজু আহমেদ, পার্শ্ব অভিনেতা আলী রাজ, পার্শ্ব অভিনেত্রী উপমা, সেরা গায়ক এন্ড্রু কিশোর, সেরা গায়িকা কনকচাঁপা, শ্রেষ্ঠ গীতিকার মো. রফিকুজ্জামান, শ্রেষ্ঠ সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।
জুড়িবোর্ডের চেয়ারম্যান ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। পুরস্কার প্রদানের ফাঁকে নাচ-গান পরিবেশন করেন শাকিব-অপু, ইমন-নিপুণ, সংগ্রাম-সানজানা, প্রিন্স-উপমা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নায়ক ফেরদৌস ও ইরিন জামান।
