এবারের ঈদেই প্রকাশ হতে যাচ্ছে এ সময়ের জনপ্রিয় পপতারকা তিশমার নতুন একক অ্যালবাম। অ্যালবামটি গেল পহেলা বৈশাখে প্রকাশের কথা থাকলেও তিনি জানান, রাজনৈতিক অস্থিরতার কারণেই এর রিলিজ পেছানো হয়েছে। কিন্তু এবার আর পেছানো নয়, আসছে ঈদেই শ্রোতা-ভক্তদের উদ্দেশ্যে বাজারে আসবে অ্যালবামটি। তিশমা বলেন, ‘বহুদিন ধরেই অ্যালবামটি করছি। বৈশাখে রিলিজ দেবো সেই প্রস্তুতিতেই কাজ করেছি। ওই তারিখের আগে শেষও করেছিলাম। কিন্তু অডিও বাজারের ও রাজনৈতিক অস্থিরতার কারণে তখন আর অ্যালবামটি প্রকাশ করিনি। সার্বিক পরিস্থিতি ঠিক হলেই প্রকাশ করব মনস্থির করেছিলাম বলেই এই ঈদে ছাড়ছি অ্যালবামটি। মজার বিষয় হলো এই অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি। প্রত্যেকটি গানের সুর ও সংগীত আমারই করা। এ সময়ের জনপ্রিয় গীতিকাররা এই অ্যালবামে গান লিখেছেন। ১০ থেকে ১২টি গান থাকবে এতে। অল্প কয়েকদিনের মধ্যেই ভারতে যাচ্ছি, ফিরে এসেই রিলিজের দিন-তারিখ ঠিক করব।’
