পবিত্র রমজান উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’। রমজান মাসে স্বাস্থ্য উপযোগী নানারকম পানীয় এবং মিষ্টি খাবারের রেসিপি নিয়ে সাজানো এ অনুষ্ঠানের প্রচার শুরু হবে রমজানের প্রথম দিন থেকে। রমজানের শেষ দিন পর্যন্ত নিয়মিতভাবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে অনুষ্ঠানটি। উপস্থাপনা করবেন মৌটুসী বিশ্বাস। থাকছে তারকাদের অংশগ্রহণও। প্রতি পর্বে একজন করে তারকা উপস্থিত থাকবেন এবং রেসিপি দিবেন। বেশ ক’দিন আগে এই অনুষ্ঠানের শুটিং করা হয়েছিল। আর সেই শুটিংয়ের একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসেছিলেন সদ্যপ্রয়াত অভিনেত্রী মিতা নূর। অনুষ্ঠানটির প্রচার শুরু হওয়ার আগেই তার দুঃখজনক অকালমৃত্যু ঘটে। তাই ‘ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’ অনুষ্ঠানটি শুরু হচ্ছে গুণী এই অভিনেত্রীর স্মরণে। রমজানের প্রথম দিন প্রচারিত হবে তার পর্বটি।
