দেশে মানসম্পন্ন টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের তাগিদ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২০:৪৩
শিল্প-কারখানার উত্পাদিত পণ্যের গুণগত মানোন্নয়নে মানসম্পন্ন টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, এর মাধ্যমে বর্তমানে টেস্টিং খাতে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে তা সাশ্রয়ের সুযোগ রয়েছে। তিনি দেশেই টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করে শিল্পায়নের লক্ষ্য অর্জনে কার্যকর অবদান রাখার জন্য বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রতি পরামর্শ দেন। শিল্পমন্ত্রী গতকাল শিল্প মন্ত্রণালয়ের এনপিও সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মানসনদ আইএসও/আইইসি ১৭০২৫-এর উপর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তাগিদ দেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) দুইদিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। বিএবি’র মহাপরিচালক মোহাম্মদ আবু আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের পরিচালক সুধাকর দত্ত, মত্স্য পরীক্ষণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা মানিক মিয়া, ডাইসিন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমানুর রহমান, আজিজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জেডএ চৌধুরী, ইন্টারস্টফ-এর কর্মকর্তা মাসুদ কামাল ও প্রশিক্ষণার্থী মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। দিলীপ বড়ুয়া বলেন, বর্তমানে বাংলাদেশ প্রতি বছর প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করছে। এ পরিমাণ পোশাক রপ্তানি করতে গিয়ে বৈদেশিক টেস্টিং ল্যাবরেটরিকে প্রচুর পরিমাণে অর্থ দিতে হয়। দেশীয় মালিকানায় এ ধরনের টেস্টিং ল্যাবরেটরি স্থাপিত হলে গুণগত শিল্পায়নের প্রচেষ্টা জোরদার হবে। তিনি ১৬ কোটি মানুষের জন্য সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে শিল্পখাতে গুণগত পরিবর্তন আনার পরামর্শ দেন। উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন টেক্সটাইল, ফিশারিজ, ওয়াটার ও ফুড ল্যাবরেটরির ৩২ জন মাননিয়ন্ত্রণ কর্মকর্তা অংশ নেন। শিল্পমন্ত্রী তাদের হাতে সনদ তুলে দেন।