যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সোল্ডোটনা বিমান বন্দরে রবিবার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডেও (এনটিএসবি) বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি এ খবর জানিয়েছে। এর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর বিমান বন্দরে এশিয়ানা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়।
আলাস্কা অঙ্গরাজ্যের পুলিশ মুখপাত্র মেগান পিটারস জানান, রবিবার স্থানীয় সময় ১১টা ২০ মিনিটে বিমানটির পাখায় আগুন ধরে যায় এবং এটি বিধ্বস্ত হয় । তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। এনটিএসবি’র তদন্ত কর্মকর্তা ক্লিন্ট জনসন বলেন, রবিবার সকালের দিকে বিমান বন্দরে বিমানটি বিধ্বস্ত হলে নয় যাত্রী এবং এক পাইলট মারা যায়।
দুর্ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠিয়েছে এনটিএসবি। তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বিমানটি আকাশে ওঠার পরপরই বিধ্বস্ত হয় বলে জানানো হয়েছে। বিমানটির পরিচয় বর্ণনা করতে গিয়ে একে হাভিল্যান্ড অটার এয়ার ট্যাক্সি হিসেবে উল্লেখ করেছে এনটিএসবি।
আমেরিকার মূল ভূখণ্ড থেকে বেশ দূরে অবস্থিত আলাস্কা অঙ্গরাজ্যে যাওয়ার জন্য বিমানই প্রধান বাহন। ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তা ও খারাপ আবহাওয়ার কারণে সেখানে যাওয়াার জন্য সাধারণত বিমানকেই বেছে নেয়া হয়। উল্লেখ্য, আলাস্কা রাজ্যে চলতি বছর বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা হয়েছে। গত ২৮ জুন অন্য এক দুর্ঘটনায় পাইলটসহ তিন জন প্রাণ হারিয়েছিল।
