কায়েসং শিল্প এলাকা ফের খুলতে রাজি দুই কোরিয়া

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৩৫
উত্তর ও দক্ষিণ কোরিয়া রবিবার ১৬ ঘণ্টারও বেশি সময়ের আলোচনার পর যৌথ উদ্যোগে পরিচালিত কায়েসং শিল্প এলাকা পুনরায় খুলে দেয়ার পদক্ষেপ নিতে রাজি হয়েছে। উত্তর কোরিয়া এপ্রিলে দক্ষিণের সঙ্গে সম্পর্কে চরম উত্তেজনার মধ্যে কায়েসং শিল্প-কারখানা বন্ধ করে দিয়েছিল। প্রত্যাহার করে নিয়েছিল কারাখানার ৫৩ হাজার কর্মী। এ শিল্প এলাকায় দক্ষিণ কোরিয়ানদেরও প্রবেশ নিষিদ্ধ করেছিল পিয়ংইয়ং। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বাসস’র। কিন্তু এ এলাকা আবার চালুর পথ খুঁজতে রবিবার অসামরিক এলাকা পানমুনজম গ্রামে বৈঠক করে দু’পক্ষ। এ বৈঠকেই নতুন করে এলাকাটি চালুর উদ্যোগ নিতে একমত হয়েছে দুই কোরিয়া। শিল্প এলাকার কাজ আবার শুরু করতে আগামী ১০ জুলাই উত্তর ও দক্ষিণ কোরিয়া পরবর্তী আরেকটি বৈঠকে বসবে। ভবিষ্যতে এ এলাকাটি বন্ধের আশঙ্কা যাতে আর না থাকে এবং এলাকায় কাজ শুরুর প্রস্তুতি নেয়ার পর শিগগিরই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা নিয়েও আলোচনা হবে এ বৈঠকে। রবিবারের বৈঠকে অংশ নেয়া দক্ষিণ কোরিয়ার প্রধান প্রতিনিধি সু হো সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেন, উত্তর কোরিয়া কায়েসং সমস্যা সমাধানে খুবই ইচ্ছুক এবং এ লক্ষ্যে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে।