ভারতের সেকেন্দ্রাবাদে হোটেল ধসে নিহত ১১

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৩৬
ভারতের অন্ধ্রপ্রদেশের সেকেন্দ্রাবাদে তিনতলা একটি আবাসিক হোটেল ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। ভবনটির ধ্বংসস্তূপে আরো বহু লোক আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোর সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও এএফপির। অন্ধ্রপ্রদেশের প্রধান শহর হায়দরাবাদের পাশেই সেকেন্দ্রাবাদ শহর। এখানের রাষ্ট্রপতি সড়কে ধসে পড়া ইরানিয়ান সিটি লাইট হোটেলটির অবস্থান ছিল। হোটেলটি ৮০ বছরের পুরনো। হোটেলের ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের মতে ধ্বংসস্তূপের মধ্যে অন্তত ১২ জন এখনো আটকা পড়ে আছেন। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, সমপ্রতি শহরের ৫৭টি ভবনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হলেও সিটি লাইট হোটেল সেই তালিকায় ছিল না। হায়দরাবাদ মিউনিসিপ্যাল কমিশনার কৃষ্ণ বাবু জানিয়েছেন, হোটেল ভবনটি বাইরে থেকে দেখতে ভালই মনে হওয়াতে ‘ঝুঁকিপূর্ণ’ ভবনের তালিকায় রাখা হয়নি। কিন্তু নগর পরিকল্পনা কমিশনার রাঘু জানিয়েছেন, ভবিষ্যতে ৬০ বছরের অধিক সময় আগে নির্মিত সব ভবনকেই সংস্কারের জন্য নোটিস দেয়া হয়।