পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম আবারো বিয়ে করতে যাচ্ছেন। পাত্রী অস্ট্রেলিয়ার মেলবোর্নের জনসংযোগ উপদেষ্টা শেনেইরা থমসন।
ওয়াসিম আকরাম গতকাল সোমবার নিজেই বার্তা সংস্থা এএফপিকে লন্ডন থেকে ফোনে জানান আগামী বছর তারা বিয়ে করবেন। তিনি এও জানিয়েছেন যে, তার হবু বধূ ইতোমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং পাকিস্তানে এসে বসবাস করবেন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে ৪৭ বছর বয়সী আকরাম থমসনকে তার ঘরে হাঁটু গেড়ে প্রস্তাব দেন। সাবেক পাকিস্তান অধিনায়ক বলেন,‘হ্যাঁ, আগামী বছর আমি বিয়ে করবো। গত দেড় বছর ধরে আমি শেনেইরাকে চিনি জানি এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জীবনে দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়ে আমি সৌভাগ্যবান মনে করছি।’
আকরামের প্রথম স্ত্রী হুমা ২০০৯ সালে মারা যান। ১৫ এবং ১২ বছর বয়সী তাদের দু’টি ছেলে রয়েছে।
হবু বধূ প্রসঙ্গে বর্তমানে ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে সমধিক খ্যাতি অর্জন করা আকরাম বলেন, ‘সে আমার বাচ্চাদেরও ঘনিষ্ঠ। বাচ্চারাও এ ব্যাপারে খুব আনন্দিত এবং আমার শ্বশুর বাড়ির (হুমার অভিভাবকরা) লোকরাও তার সাথে সাক্ষাত্ হওয়ার পর বিষয়টিতে সম্মতি দিয়েছেন।’তিনি আরো বলেন,‘এটা হবে নতুন এক জীবন, একেবারে নতুন শুরু এবং আমি আশা করছি যে, পরিবার ও সমর্থকদের শুভ কামনা নিয়ে আমরা ভালভাবেই স্থিত হবো।’বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই খেলোয়াড় পাকিস্তানের হয়ে ১৯৮৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত ১০৪টি টেস্ট এবং ৩৫৬টি ওয়ানডে খেলেন। তাকে মনে করা হয়ে থাকে ক্রিকেটের সেরা বাঁহাতি ফাস্ট বোলারদের একজন হিসেবে। এছাড়াও পাকিস্তানে তিনি খুবই বড় মাপের তারকা সমাদর পেয়ে থাকেন।
ওয়াসিম ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ের সময় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন। এছাড়া ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের রানার্স আপ পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। - ডনডটকম
