জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কে গতকাল সোমবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা জগন্নাথপুর অভিমুখী যাত্রীবাহী একটি বাস জগন্নাথপুর পৌর এলাকার বটেরতল নামক স্থানে একটি রিকশাকে চাপা দিলে সুমিয়া বেগম (৩৮) নামের এক মহিলা ঘটনাস্থলে নিহত হন। নিহত সুমিয়া বেগম উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের দুবাই প্রবাসী মন্দান মিয়ার স্ত্রী এবং পৌর কাউন্সিলর শফিকুল হক শফিকের বোন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পরপর উত্তেজিত জনতা বাসটিকে আটকের চেষ্টায় ব্যর্থ হয়ে দুর্ঘটনাস্থলের ৫শ গজ অদূরে বাস টার্মিনালে এসে ৭/৮টি বাসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুরো এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। আতংকিত লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ওসি মাকছুদুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলের মূল সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করায় দুপুর ১২টা থেকে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক যোগাযোগ চালু করতে নির্বাহী ম্যাজেস্ট্রিট হারুন-উর- রশীদ, মেয়র আক্তার হোসেন, ওসি মাকছুদুর রহমানসহ জনপ্রতিনিধিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
