বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার উদযাপিত হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। পরে ভাইস-চ্যান্সেলর আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উত্সবের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ সম্মেলন কক্ষে ডিন প্রফেসর ড. সুলতান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম. মোস্তফা জামান, সিএসই অনুষদের ডিন প্রফেসর আলী আজগর ভুঁইয়া, বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামান, রেজিস্ট্রার মো: নওয়াব আলী, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক ড. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, জাহিদ হাসান, লিটন চন্দ্র সেন প্রমুখ। সন্ধ্যায় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় ছাত্রদের পরিবেশিত নাটক ইউনিভার্সেল মঞ্চস্থ হয়।
