বিমানবন্দরে গুলি, যাত্রী আটক

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৬
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটের রিজেন্ট এয়ারওয়েজ কাউন্টারের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুল হাসান ন?ামে এক বিমান যাত্রীকে আটক করেছে পুলিশ। ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমানে উঠার আগে ওই যাত্রীর লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র আনলোড করার সময় অসাবধানতাবশত একটি গুলি বের হয়ে যায়। আমিনুল হাসান নিবেদিতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি রাজধানীর মিরপুরে বসবাস করেন। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি মনিরুল ইসলাম ইত্তেফাককে বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে (৭১৫ আরএক্স) আমিনুল হাসানের ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। বেলা ৩টা ৫ মিনিটে বিমানবন্দরে লাগেজ স্ক্যানারে অস্ত্রের বিষয়ে জানালে নিরাপত্তা কর্মীরা তাকে কাউন্টারে নিয়ে অস্ত্র পরীক্ষা করেন। এ সময় পিস্তলটি (৭.৩২) আনলোড করতে গেলে অসাবধানতাবশত একটি গুলি বের হয়ে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। পরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীরা এসে তাকে আটক করে এবং অস্ত্রসহ বিস্ফোরিত গুলির খোসা, অবিস্ফোরিত ৬ রাউন্ড গুলি এবং লাইসেন্স জব্দ করে।