অভিবাসন ব্যয় কমিয়ে সৌদি আরবে জনশক্তি রফতানির বিষয়ে খুব শীঘ্র চুক্তি সম্পাদন হতে পারে বলে জানা গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সফরে দু’দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে। সৌদি আরব সফররত প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গত রবিবার বিকালে সৌদি শ্রমমন্ত্রী আদেল কাকিহ’র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি শ্রমমন্ত্রীকে বাংলাদেশের শ্রমিক প্রেরণে অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে আশ্বস্ত করেন। সেই সঙ্গে শ্রমিকদের বৈধকরণের সময়সীমা বৃদ্ধির জন্য সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামসহ দু’দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
